এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন: শায়খ আহমাদুল্লাহ

ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে ঘটে এই ভূমিকম্প, যার মাত্রা বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে এই ভূমিকম্পকে আল্লাহর পক্ষ থেকে বড় সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার’ (সুরা হাজ্জ, আয়াত: ১)।”
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলে হয়তো অনেকের জীবনের শেষ দিন হতো। তিনি সবাইকে আল্লাহর দিকে ফিরে তাওবা ও প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
নিজের পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, “আমাদের বাসার এলাকা বেলে মাটির, যেখানে বড় ট্রাক গেলেও কেঁপে ওঠে সব। আজকের কম্পন জীবনে আমি আগে কখনো অনুভব করি নি। কেন বার বার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, তা আজ আরও স্পষ্ট হল।”