শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শোয়েব আখতারকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

শোয়েব আখতারকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গতকাল (১৯ নভেম্বর) ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে একটি ইঙ্গিতমূলক পোস্ট দিয়েছেন। একটি ছায়ামানবের ছবি শেয়ার করে তারা লিখেছিলেন—“পলক ফেলবেন না। আগামীকাল দুপুর ২টায় বড় কিছু ঘোষণা করা হবে!” এই পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা ও কল্পনার ঝড়।

অবশেষে রহস্যের জট খুলল। এলো ঘোষণা। ঢাকা ক্যাপিটালসের হয়ে আসন্ন বিপিএল রাঙাবেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। এই সাবেক স্পিডস্টার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে থাকছেন আসন্ন বিপিএলে।

আজ (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেসবুকে ঢাকা ক্যাপিটালসের পেজে শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, 'গতি আর কৌশলের মিলন। আমাদের পরামর্শদাতা—শোয়েব আখতার। গর্জন শুরু হোক!'

৫০ বছর বয়সী শোয়েব এই প্রথম বিপিএলে কাজ করতে আসছেন। এর আগে ২০১০ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছেন তিনি।

তার সময়ের তো বটেই সর্বকালের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবেই খ্যাতি শোয়েবের। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটি এই পাকিস্তানি ফাস্ট বোলারই করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২২৪ ম্যাচ খেলে ৩৪৪ উইকেট শিকার করেছেন তিনি। 

এর আগে ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল (১৯ নভেম্বর) ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা। বিশ্বজুড়ে ২৫টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ইংল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটারের ঝুলিতে আছে বিশ্বকাপের শিরোপাও। এবারের বিপিএলের অন্যতম বড় তারকা হতে যাচ্ছেন তিনি। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন