তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ (২০ নভেম্বর) ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
বুধবার রায় ঘোষণার পর আসিফ নজরুল লিখেছেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চালু হবে পরবর্তী সংসদ থেকে।”
আইন উপদেষ্টার এই স্ট্যাটাস মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই “আলহামদুলিল্লাহ” বলে মন্তব্য করেছেন, কেউ কেউ বলেছেন, এটি যুগান্তকারী সিদ্ধান্ত।
প্রসঙ্গত, আজ সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ সংসদ থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
গত ১১ নভেম্বর এই বিষয়ে শুনানি শেষ হয়। এরপর ২০ নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।
এর ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার আপিল করেন।