সিএএফ ঘোষণা করল বর্ষসেরার তালিকা

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ২০২৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে স্থান দেওয়া হয়েছে। নারী বিভাগে সেরা খেতাবের জন্য লড়ছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।
ইনজুরির কারণে গত মৌসুমে বেশকিছু ম্যাচ মিস করেন পিএসজির আশরাফ হাকিমি। তবুও পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যার কারণেই অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
শুধু তাই নয়, আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি। ১৯৭৬ সালের পর শিরোপার খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।
এদিকে দুইবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন এই তালিকায়। গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরোয়ার্ড। ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।
তালিকায় আছেন গালাতাসারাইয়ের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনও। জাতীয় দলের হয়ে তেমনটা জ্বলে উঠতে না পারলেও ক্লাবের হয়ে দুর্দান্ত ছিলেন তিনি। তবে ওসিমেন থেকে বেশ এগিয়েই থাকবেন সালাহ ও হাকিমি।
এদিকে নারী বিভাগেও লড়াই হবে সমানে সমান। আফ্রিকা নারী কাপ অব নেশন্সে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে। ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে স্বাগতিক মরক্কোকে হারাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
মরক্কোর গিজলানে চেবব্যাক টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে আলোচিত হয়েছেন। আর তার সতীর্থ সানা ম্সসৌদি ক্লাব এফএআর রাবাতকে নারী চ্যাম্পিয়ন্স লিগের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ বছরও দলটি পৌঁছেছে সেমিফাইনালে।
আফ্রিকার ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে আগামী বুধবার (১৯ নভেম্বর) মরক্কোর রাবাতে।
দৈএনকে/জে, আ