বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj

মুহূর্তেই উধাও বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

মুহূর্তেই উধাও বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। দুপুর ২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়। আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। ফুটবলপ্রেমীদের বিপুল আগ্রহে টিকিট বিক্রিতে দেখা গেছে অভূতপূর্ব সাড়া।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই, এখন কেবল রেড বক্স ও হসপিটালিটি টিকিট অবশিষ্ট আছে।

সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। কিন্তু ভারত ম্যাচের উন্মাদনা বিবেচনায় বাফুফে দাম বাড়িয়ে ৫০০ টাকা করেছে। দাম বৃদ্ধি সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। যদিও টিকিট বিক্রির গতি ছিল চোখধাঁধানো, তবুও দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তির খবর তেমন পাওয়া যায়নি।

এর আগে, বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট বিক্রি তুলনামূলক ধীর গতির হলেও বাফুফে আশা করছে, ভারত ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়ায় নেপাল ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে ‘টিকিফাই’ প্ল্যাটফর্ম। যেখানে দর্শকরা ব্যাপক ভোগান্তির শিকার হন। এরপর অক্টোবর উইন্ডো থেকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয় কুইকেট-কে। ওই সময়ে ২০ মিনিটে শেষ হয় সব টিকিট। এবারও সেই ধারাবাহিকতায় কুইকেটকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

যদিও অনলাইনে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট বিক্রি সহজ হয়েছে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ