হংকং সিক্সেসে অস্ট্রেলিয়ার ব্যাটিং তাণ্ডব, ৩৬ বলে ২১ ছক্কা!

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনালেই শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ঝলক দেখান বাংলাদেশি ক্রিকেটাররা। শেষ ওভারের চাপে দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশের পেসাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি, যা আর কাটিয়ে উঠতে পারেনি।
তবুও তরুণদের এমন লড়াকু পারফরম্যান্সে ভবিষ্যতের প্রতি আশাবাদী কোচ ও সমর্থকরা।
মংককের মিশন রোড মাঠে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল বাংলাদেশ।
এ হারের ফলে বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে। আগামীকাল রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে তারা। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন অজি ব্যাটাররা। ৬ ওভারের ম্যাচে গুণে গুণে ২১ ছক্কা হজম করেছেন আবু হায়দার রনিরা। তাদের তুলোধুনো করে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়েছে অস্ট্রেলিয়া।
৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন মেকডেরমট। ৫ ছক্কায় ৬ বলে ৩০ রান করে আউট হন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান।
বড় টার্গেট তাড়ায় নেমে প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র ১৯ রানের মাথায় ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। ১ চার ও ৩ ছক্কায় ১০ বলে ২৫ রান করেন রকিবুল। শেষ দিকে একা ব্যাটিং করা রনির ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১৮ বলে ৫০ রান।