শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
আয়ারল্যান্ড সিরিজেই শেষ দায়িত্ব

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছাড়তে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে।

গেল বছরের ৫ নভেম্বর সালাউদ্দিন যোগ দেন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। এরপর প্রথম দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, যেখানে তিনি ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলান। তবে তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্সে খুব একটা উন্নতি দেখা যায়নি।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরই সালাউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড সিরিজ শেষে সালাউদ্দিন জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়াবেন। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও সালাউদ্দিনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।

সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত, তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সালাউদ্দিনের জায়গায় কাউকে সরিয়ে দেওয়া হয়নি, বরং কোচিং প্যানেলকে আরও সমৃদ্ধ করতে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভাষায়, সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। কাউকে সরানো হয়নি, শুধু নতুন একজনকে যুক্ত করা হয়েছে কোচিং প্যানেলে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন