খেলাধুলায় প্রাণ ফিরছে, নভেম্বর জুড়ে আন্তর্জাতিক আয়োজন

চলতি বছরের দশ মাস শেষ। এগারোতম মাস নভেম্বরে প্রবেশের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্যালেন্ডার হয়ে উঠেছে অত্যন্ত ব্যস্ত। ঘরোয়া ও আন্তর্জাতিক—দুই মঞ্চেই নভেম্বর মাসে থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।
বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া সংগঠন দেশীয় মাটিতে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, বিদেশের মাঠেও বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল। ফলে মাসটি হতে যাচ্ছে খেলাধুলার এক উৎসবমুখর সময়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়াও আর্চারি, ভলিবল, হকি ও অ্যাথলেটিকস ফেডারেশন নভেম্বরে নিজেদের আন্তর্জাতিক ইভেন্টের প্রস্তুতি চূড়ান্ত করছে। বিশেষ করে মিরপুর, চট্টগ্রাম, ও সিলেটের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
এছাড়া, দেশের বাইরেও ব্যস্ত সময় কাটাবে বিভিন্ন জাতীয় দল। ক্রিকেটে বাংলাদেশ দল খেলবে বিদেশ সফরে, ফুটবলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে লাল-সবুজ, আর আর্চাররা অংশ নেবে আন্তর্জাতিক র্যাংকিং টুর্নামেন্টে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, নভেম্বর মাসটি বাংলাদেশের খেলাধুলার জন্য “টেস্ট অব প্রিপারেশন”—যেখানে বিভিন্ন ডিসিপ্লিন নিজেদের প্রস্তুতি ও সাফল্যের মাপকাঠি নির্ধারণ করবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, মাসব্যাপী এসব আয়োজন ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক দিক, যা তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।
হামজাদের দু’টি ম্যাচ, ঋতুপর্ণাদের ত্রিদেশীয় সিরিজ
নভেম্বর বাংলাদেশ পুরুষ ফুটবল দল দু’টি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। এরপর ১৮ নভেম্বর একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে হোম ম্যাচ। ২০২৫ সালে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে হামজাদের শেষ ম্যাচ।
হামজাদের ম্যাচ শেষ হওয়ার ছয় দিন পরই রয়েছে ঋতুপর্ণাদের ত্রিদেশীয় সিরিজ। ইউরোপের দেশ আজারবাইজান ও মালয়েশিয়া বাংলাদেশে আসবে। ২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হওয়ার সূচি। তিনটি দলই একে অন্যের সঙ্গে দু’টি করে ম্যাাচ খেলবে।
সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলেরও খেলা রয়েছে। এএফসি অ-১৭ পুরুষ টুর্নামেন্টের বাছাই রয়েছে চীনে। সেই টুর্নামেন্ট খেলতে নভেম্বরের মাঝামাঝি চীন রওনা হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আন্তর্জাতিক ব্যস্ততার পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতা তো রয়েছেই। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলার পর আবার প্রিমিয়ার লিগ শুরু হবে। অক্টোবর ও নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ঘরোয়া লিগে দীর্ঘ বিরতি ছিল দুই বার। মার্চ উইন্ডো ছাড়া জাতীয় দলের ম্যাচ নেই। ফলে নভেম্বর থেকে এক নাগাড়ে চলবে লিগ ও ফেডারেশন কাপ।
ঢাকায় ২৯ দেশের এশিয়ান আরচ্যারি
এশিয়ার আরচ্যারির সবচেয়ে বড় প্রতিযোগিতা এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। গত দুই আসরের মতো এবারও আয়োজক বাংলাদেশ। এই টুর্নামেন্টে ২৯ টি এশিয়ার দেশ এন্ট্রি করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ঢাকায় এসে পৌঁছেছে।
২০১৭ সালের মতো এবারও এশিয়ান আরচ্যারির আসর জাতীয় স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। ১৩ মার্চ বাফুফে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করায় সংকট তৈরি হয়। পরবর্তীতে ৮-১২ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারির কোয়ার্টার ফাইনাল এবং ১৩-১৪ আর্মি স্টেডিয়ামে সেমিফাইনাল-ফাইনাল করার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ ও অ-২১ বিশ্বকাপ
ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে খেলবে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন কারী দল বিশ্বকাপ হকির বাছাই খেলবে। রাজনৈতিক কারণে পাকিস্তান অংশগ্রহণ না করায় এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপে ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফের ব্যবস্থা করেছে। এই প্লে অফ সিরিজের জয়ী দল এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।
নভেম্বর মাসে পাকিস্তান ঢাকায় আসবে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ খেলতে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের দুই দিন পরই বাংলাদেশ অ-২১ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ২৮ নভেম্বর থেকে ভারতে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশের কোনো হকি দল এই প্রথম কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে।
নারী কাবাডি বিশ্বকাপ
জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর মিরপুর শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে ১৪ টি দেশ অংশগ্রহণ করবে। আসার কথা রয়েছে সারা বিশ্বে ফুটবলের জন্য জনপ্রিয় আর্জেন্টিনারও। এ ছাড়া ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার অংশগ্রহণ করবে।
টেস্টে ক্রিকেট সিরিজ
দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। ১১-১৫ নভেম্বর চট্টগ্রাম আর ১৯-২৩ নভেম্বর ঢাকায় দু’টি টেস্ট ম্যাচ। ২৭, ২৯ নভেম্বর দু’টি টি টোয়েন্টির পর শেষটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।
বাহরাইনে ডেভিস কাপ টেনিস
বাংলাদেশের টেনিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ। সেই ডেভিস কাপও এই নভেম্বর মাসে। ১৭ নভেম্বর বাহরাইনে শুরু হবে এবার ডেভিস কাপের আসর। বাংলাদেশ টেনিস ফেডারেশন ১৩ নভেম্বর খেলোয়াড়দের বাহরাইনে পাঠাবে।