ব্যাটিং সমস্যায় সিরিজ বাঁচানো কঠিন বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও টি-টোয়েন্টিতে বাংলাদেশ শুরুটা করতে পারেনি স্বাভাবিক ছন্দে। টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসের শিখরে থাকা লিটন দাসরা চট্টগ্রামে প্রথম ম্যাচে হেরে খানিকটা আঘাত পেয়েছে।
১-০ ব্যবধানে পিছিয়ে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েছেন। কোচ ও দলের নেতা জানিয়েছেন, মাঠে ফিরেই আগের সফলতা পুনরায় প্রমাণ করতে চান তারা। দর্শক ও ক্রিকেটপ্রেমীদের নজর এখন চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে, যেখানে টাইগাররা ঘুরে দাঁড়াতে মরিয়া।
তবে শেষ পর্যন্ত খেলা হবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’ গতকাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ কারণে মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দেশের উপকূলীয় অঞ্চলসহ অন্যান্য স্থানে বৃষ্টি শুরু হতে পারে।
সেটি বৃহস্পতিবার এবং শুক্রবার আরো বাড়তে পারে বলেই জানা গেছে। অর্থাৎ সূচি অনুযায়ী আজ দ্বিতীয় এবং শুক্রবার অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচটি নিয়েও ধোঁয়াশা আছে।
তবে আশা জাগাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় ভারি বৃষ্টি হলেও খেলা শুরুর জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না।
কিন্তু বাংলাদেশ দলের চিন্তা আছে অন্য জায়গায়, নিজেদের ব্যাটিং বিভাগে। কোনো দিন টপ অর্ডার রান পেলে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, কোনো দিন ঘটছে উল্টোটা। সর্বশেষ ম্যাচে তো টপ অর্ডার ও মিডল অর্ডার কেউই সুবিধা করতে পারেনি। এ জন্য নাগালের মধ্যে থাকা ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৬ রানে হারতে হয়েছে স্বাগতিকদের।
সিরিজে পিছিয়ে পড়ার পর ব্যাটিং ব্যর্থতা নিয়ে আক্ষেপ ঝরেছে তানজিম হাসানের কণ্ঠে, ‘আমরা পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছি।
তারা যদি থিতু হয়ে আউট হতো, তাহলে চিত্রটা আলাদা হতো। কিন্তু বেশির ভাগই থিতু হওয়ার আগেই আউট হয়ে গেছে। আমার মনে হয়, মিডল অর্ডারের ব্যাটাররা আরো একটু দায়িত্ব নিতে পারত। যদি তারা ম্যাচটা গভীরে নিয়ে যেতে পারত, তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো।’
ম্যাচ শেষে অধিনায়ক লিটনও ব্যাটারদের কাঠগড়ায় তোলেন, বিশেষ করে শামীম পাটোয়ারিকে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ১ রানে আউট হন তিনি। এর আগে সর্বশেষ ছয় ইনিংসে চারবারই শূন্য রানে আউট হন শামীম। তানজিম বলেন, ‘শেষের দিকে শিশিরের কারণে বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার মনে হয়, যদি একজন থিতু হতে পারত, তাহলে ম্যাচটা অনেক সহজ হয়ে যেত।’
আজ সিরিজ বাঁচাতে স্বাগতিক একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। শামীমের জায়গায় ফিরতে পারেন জাকের আলী। বোলিং বিভাগে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। তবে এসব আয়োজনে বাগড়া দিতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ থেকে সৃষ্টি হওয়া বৃষ্টি।