বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে গোপনে পদক্ষেপ নেবে বিসিবি

ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে গোপনে পদক্ষেপ নেবে বিসিবি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বহু জল্পনার অবসান ঘটল অবশেষে। দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার বিশদ প্রতিবেদন মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ম্যাচ-ম্যানিপুলেশনের নানা দিক উঠে এসেছে বলে জানা গেছে।

তবে বিসিবি এবার ভিন্ন পথ বেছে নিয়েছে। বোর্ড জানিয়েছে, “দোষ প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনায় কোনো খেলোয়াড় বা কর্মকর্তার নাম প্রকাশ করা হবে না।” বরং, যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের সঙ্গে গোপনে যোগাযোগ করে ক্রিকেট থেকে দূরে রাখার পদক্ষেপ নেওয়া হবে।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা কেলেঙ্কারিকে প্রকাশ্যে না এনে ক্রিকেটের মর্যাদা রক্ষাই অগ্রাধিকার দিচ্ছি।”

৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। চূড়ান্ত প্রতিবেদনে নাম আসা অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন,‘এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু ইভেনচুয়ালি করব।’

পরে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বোর্ডের অবস্থান আরও পরিষ্কার করেন। তিনি জানান, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেই অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন,‘দেখুন, প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় এবং এটা একান্ত একটা ব্যক্তিগত বিষয়, গোপনীয় বিষয়। সুতরাং আমাদের কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ভেতরে ভেতরে যোগাযোগ করা হবে। কোনো মিডিয়া বা পাবলিকলি কারও নাম আসবে না। কিন্তু হয়ত যে অভিযুক্ত ইনডিভিজ্যুয়াল সে জানবে শুধু।’

তবে বিসিবির সহ-সভাপতি কঠোরভাবে নিশ্চিত করেন, যাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হবে তারা আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না।

এছাড়া তিনি বোর্ডের ক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন,‘দেখুন, ওই ক্ষমতা কিন্তু বোর্ডের নেই কারও নাম প্রকাশ করার। যখন সে খেলতে পারবে না আপনারা বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না। আপনাদেরকে এটা বুঝতে হবে এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত অধিকার আছে হিউম্যান রাইটস আছে। সুতরাং একটা নির্দিষ্ট খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে খেলা থেকে দূরে রাখা হবে। নাম প্রকাশ করে এটা নিয়ে আমাদের হেয় করার কিছু নেই।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন