বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সিডনি হাসপাতালে আইসিইউ থেকে বেরিয়ে আসলেন আইয়ার

সিডনি হাসপাতালে আইসিইউ থেকে বেরিয়ে আসলেন আইয়ার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল ভারতীয় তারকা শ্রেয়াস আইয়ারের দারুণ ক্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনের দিকে ঝাঁপিয়ে অ্যালেক্স ক্যারির শট ধরে নেওয়ার সময়ই আইয়ার বাম দিকের পাঁজরে আঘাত পান।
মাঠেই তাকে ব্যথা অনুভব করায় দ্রুতই সিডনির হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয় এবং দু’দিন তাকে আইসিইউতেও রাখা হয়।

মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসা এই তারকার ধীরে ধীরে উন্নতি ঘটছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন তিনি স্থিতিশীল এবং ক্রিকেট ফেরার দিকে মনোনিবেশ করতে পারছেন। আইয়ারের সাহসী ক্যাচ আর তাৎক্ষণিক লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য এক সাহসিকতার গল্প হয়ে রয়ে গেছে।

পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ থেকে বের করা হয়েছে আইয়ারকে। তার সঙ্গে কথা হয়েছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। সতীর্থের শারিরীক অবস্থা জানিয়ে সূর্যকুমার বলছেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম, পরে বুঝতে পারি যে ফোনটি তার সঙ্গে নেই। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।’ 

আইয়ারকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা বলে জানিয়েছেন সূর্য, ‘প্রথমদিন তার অবস্থা কেমন ছিল আমি বেশি জানি না। কিন্তু এখন ভালো আছে। দু’দিন ধরে তার বিষয় জানতে পারছি এবং সে মেসেজের উত্তর দিয়েছে। এই অবস্থায় এসেছে মানে সে স্থিতিশীল আছে। তার সঙ্গে চিকিৎসকরা আছেন, এটা ভালো বিষয়। সবকিছু স্বাভাবিক আছে, তবে আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ভালো বিষয় হচ্ছে– সে সরাসরি কথা বলতে পারছে।’

ওয়ানডে স্কোয়াডে অনিয়মিত সূর্যকুমার। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিনি ভারতকে নেতৃত্ব দিতে নামলেও, ছিলেন না ওয়ানডেতে। সূর্য বলেন, ‘আমরা কেউ চিকিৎসক নই। যখন সে ক্যাচটি নিয়েছিল, বাইরে থেকে দেখে স্বাভাবিকই মনে হয়েছিল। কেবল তার সঙ্গে তখন মাঠে যারা ছিল তার ওই সময়কার ইনজুরির অবস্থা তারাই ভালো জানবে। যখন তারা ড্রেসিংরুমে গেল, তখনই বুঝতে পারল যে আরও বেশি সতর্কতা প্রয়োজন। তার অবস্থা দেখে বিশেষজ্ঞরা দ্রুত হাসপাতালে নিতে বলেন। অবশেষে সে স্বাভাবিকভাবে কথা বলছে।’

এমন অবস্থাতেও অবশ্য আইয়ারকে নিয়ে মজা করতে ছাড়লেন না সূর্য, ‘চিকিৎসক ও ফিজিওরা বলছেন তার এই ইনজুরি দুর্ভাগ্যজনক, অনেক দুর্লভ। শ্রেয়াস নিজেও একজন দুর্লভ প্রতিভা। ‍দুর্লভ প্রতিভার সঙ্গে দুর্লভ ঘটনাই ঘটেছে। কিন্তু ভালো বিষয় যে, সৃষ্টিকর্তা তার সঙ্গে আছে এবং সে ভালোভাবে সেরে ওঠার পথে। বিসিসিআই সার্বক্ষণিক তার পাশে আছে। তাকে আমরা একসঙ্গে দেশে নিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। রোহিত শর্মার ১২১ এবং বিরাট কোহলির ৭৪ রানে ভর করে ওই ম্যাচে স্বাগতিকদের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরোয় ভারত। যদিও এর আগের দুই ম্যাচ হেরে শুভমান গিলের দল সিরিজ হাতছাড়া করেছিল। দুই দল এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে, আগামীকাল (বুধবার) ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন