বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বার্সার রাজত্ব ভেঙে রিয়ালের জয়: এল ক্লাসিকোতে নতুন অধ্যায়

বার্সার রাজত্ব ভেঙে রিয়ালের জয়: এল ক্লাসিকোতে নতুন অধ্যায়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত মৌসুমে টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া রিয়াল মাদ্রিদ অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয়ের স্বাদ পেল। লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারের পর রবিবার (২৬ অক্টোবর) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়ায় দুই দলের লড়াইয়ে। ২৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ ফিনিশে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধের শেষদিকে ফারমিন লোপেজের গোলের সুবাদে সমতায় ফেরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের অসাধারণ ভলিতে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ শুধু পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা শক্ত করল না, বরং এল ক্লাসিকোয় গত মৌসুমের হতাশারও অবসান ঘটাল। অন্যদিকে, বার্সেলোনার জন্য এটি নতুন মৌসুমের প্রথম বড় ধাক্কা।

গত মৌসুমে চারটি এল ক্লাসিকোতেই হেরেছিল রিয়াল মাদ্রিদ, যেখানে বার্সার কাছে তারা ১৬ গোল হজম করেছিল। বিশেষ করে হ্যান্সি ফ্লিকের অফসাইড ফাঁদে পড়ে রিয়ালকে ভুগতে হয়েছিল। এবারও ম্যাচের ১২তম মিনিটে অফসাইডের ফাঁদে পা দিয়ে গোল বঞ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এর মিনিট দশেক পরেই অফসাইডের ফাঁদ এড়িয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে ১-০ তে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ৩৮তম মিনিটে রাশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে সফরকারীদের সমতায় ফেরান ফারমিন লোপেজ। কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। মাত্র পাঁচ মিনিট পরই ফের এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৪৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল আবারও অফসাইডের ফাঁদে পড়ে লিড বাড়িয়ে নেয়ার সুযোগ হারায়। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে, তার শট আটকে দেন বার্সা গোলরক্ষক শেজনি।

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটের পর ৯ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলেও বার্সা গোল করতে ব্যর্থ হয়। উল্টো অতিরিক্ত সময়ের দশম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন পেদ্রি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

লা লিগায় দশম রাউন্ডের খেলা শেষে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন