চট্টগ্রামের সিআরবিতে উন্মোচন হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রফি

বাংলাদেশ ক্রিকেটের ‘লাকি গ্রাউন্ড’ চট্টগ্রামের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও টিম টাইগার্স উপস্থিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। এবার ট্রফি উন্মোচনে বিসিবি কিছু নতুনত্ব আনে। যদিও এটি চট্টগ্রামে প্রথমবারের মতো ট্রফি উন্মোচন, এর আগে সিলেটের চা বাগানে একই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চট্টগ্রামের নান্দনিক ব্রিটিশ স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটোসেশন করেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা বলে জানানো হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আছেন লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।