বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জাতীয় দলে খেলার আগ্রহ জানালেন ব্রিটিশ-বংশোদ্ভূত ট্রেভর ইসলাম

জাতীয় দলে খেলার আগ্রহ জানালেন ব্রিটিশ-বংশোদ্ভূত ট্রেভর ইসলাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হামজা চৌধুরী ও শমিত সোমের পর এবার লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ব্রিটিশ বংশোদ্ভূত ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের হয়ে খেলছেন। বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট আবিদ আনোয়ার। তবে ক্লাবের ব্যস্ত সূচির কারণে এ বছর নয়, আগামী বছর ট্রেভর ইসলামকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে। এদিকে আরেক প্রবাসী ফুটবলার জায়ান হাকিমের নাগরিকত্ব প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর জাতীয় দলে যোগ দেয়ার পর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আগ্রহ বাড়ছে। এবার আলোচনায় আসা ট্রেভর ইসলাম তার দুর্দান্ত ফিনিশিং ও পজিশনিংয়ের কারণে বিশেষভাবে নজর কেড়েছেন। ফুটবল মহল মনে করছে, তার আগমন জাতীয় দলের দীর্ঘদিনের সমস্যা ‘জেনুইন নাম্বার নাইন’-এর সমাধান হতে পারে।

ট্রেভরের বাংলাদেশ পাসপোর্ট তৈরির কাজ চলমান। এ বিষয়ে গণমাধ্যমকে এজেন্ট আবিদ আনোয়ার বলেন,‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নাই। ওর বাবা-দাদার বাংলাদেশি পাসপোর্ট আছে। যেটাও আবার অনেক বছর আগের হাতে লেখা। যেটার এখন বৈধতা নাই। ওদের পাসপোর্টগুলো করতে হবে। তারপর সে তার পাসপোর্টের কাজগুলো করতে পারবে।’

তবে এ বছরই ট্রেভরকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না এমনটাই নিশ্চিত করে তার এজেন্ট বলেন, তার কিছু পরীক্ষা থাকাতে এ বছরের উইন্ডোতে তাকে পাওয়া সম্ভব নয়। তবে বাফুফে আর হেড কোচ চাইলে আগামী বছরের উইন্ডোতে তাকে খেলানো সম্ভব।’

অন্যদিকে, আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী। হামজা-শমিতের পর ট্রেভর ও জায়ান—এই দুই প্রবাসী তারকার দিকেই এখন তাকিয়ে আছে দেশের ফুটবল সমর্থকরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন