বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সৌম্য সরকারের নাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সৌম্য সরকারের নাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার টি-টোয়েন্টি লড়াইয়ের প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ। আসন্ন তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস, যিনি নেতৃত্ব দেবেন দলকে। তবে টপ অর্ডারের ব্যাটার সৌম্য সরকারকে রাখা হয়নি এই স্কোয়াডে। দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ও ফর্মে থাকা ক্রিকেটার, যারা ওয়ানডে সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছেন।

সৌম্য সরকার লম্বা সময় পর গত আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন, মূলত ইনজুরিতে পড়া লিটন দাসের বিকল্প হিসেবে। তবে সেই সময় ভিসা জটিলতার কারণে তিনি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে সফর করতে পারেননি, ফলে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা হয়নি।

এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে রাখা হলেও, টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে তাকে রাখা হয়নি। লিটন দাস ইনজুরি কাটিয়ে দলে ফেরায় টপ অর্ডারে তার জায়গা স্বাভাবিকভাবেই পূরণ হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই প্রসঙ্গে স্পষ্ট করে বলেন,‘টপঅর্ডারে যারা নিয়মিত, তারাই দলে সুযোগ পেয়েছেন।’

বর্তমান টপ অর্ডারে অধিনায়ক লিটন দাসের সঙ্গে তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সবশেষ এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করা সাইফ হাসান—সবাই নিয়মিত পারফর্মার হিসেবে নির্বাচকদের কাছে প্রাধান্য পেয়েছেন। সাইফ হাসান বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন।

অন্যদিকে, সৌম্য সরকার অনেক দিন ধরেই জাতীয় দলে অনিয়মিত। জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি তিনি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। যদিও শেষ টি-টোয়েন্টির দল এখনো ঘোষণা করা হয়নি। ওয়ানডে সিরিজে সৌম্যর ভালো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শেষ ম্যাচের দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন