বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

৬৬ হজ এজেন্সিকে নিবন্ধন না করায় ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

৬৬ হজ এজেন্সিকে নিবন্ধন না করায় ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী বছর (২০২৬ সাল) হজে যেতে ৬৬টি এজেন্সি থেকে ৫৩৭ জন প্রাক-নিবন্ধন করা হয়েছে, কিন্তু এখনও একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। এ কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, সৌদি সরকারের ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর শেষ হয়েছে। বিশেষ বিবেচনায় এই সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলেও, ৬৬টি এজেন্সি তাদের প্রাক-নিবন্ধিত ৫৩৭ জনের মধ্যে কোনো প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেনি।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (১৩) অনুযায়ী একটি এজেন্সি ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করবে এবং এজেন্সির যোগ্য তালিকা প্রকাশের পত্রে উল্লিখিত শর্ত মোতাবেক কোনো এজেন্সি হজ ২০২৬ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ধর্ম মন্ত্রণালয় চিঠিতে আরও জানিয়েছে, সংযুক্ত তালিকার ৬৬টি এজেন্সির ৫৩৭ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রীর মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন সম্পন্ন বা অন্য এজেন্সিতে স্থানান্তরপূর্বক হজে গমন নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এজেন্সির কারণে কোনো হজযাত্রীর হজে গমন বিঘ্নিত হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন