ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন বসবে। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকার আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তৃতীয় অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে সংসদের কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।