সুপারহিট জুটিতে শাকিব নায়ক, তৌকীর খলনায়ক

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করছেন চিত্রনায়ক শাকিব খান। আগামী চলচ্চিত্র ‘সোলজার’-এ দেখা যাবে তাদেরকে একসঙ্গে।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রথম দিনের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তৌকীর আহমেদ। ছবিতে আরও অভিনয় করছেন অভিজ্ঞ অভিনেতা তারিক আনাম খান।
সোলজার-এ তৌকীর আহমেদকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ও ভিন্নমাত্রার চরিত্রে। বলা হচ্ছে, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম নেতিবাচক চরিত্র, যে রকম ভূমিকায় আগে কখনও দেখা যায়নি তাঁকে।
তৌকীরের শুটিংয়ের মুহূর্ত ইতিমধ্যে ক্যামেরাবন্দি হয়েছে, আর অভিনেতা নিজেও চলচ্চিত্রটিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। গত রোববার থেকেই রাজধানীতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
দীর্ঘ অভিনয়জীবনে তৌকীর আহমেদ নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে সমানভাবে প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সফল নির্মাতা হিসেবেও তাঁর সুনাম রয়েছে। বর্তমানে তাঁর রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে বিটিভিতে।
দৈএনকে/জে .আ