চাঁদাবাজি ও দখলে আতঙ্কিত পল্লবীর জমির মালিক মোহাম্মদ আলী

রাজধানীর পল্লবী এলাকার জমির মালিক মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, গত কয়েক মাস ধরে তাকে চাঁদাবাজি, জমি দখল এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
মোহাম্মদ আলী জানান, জনৈক মোহাম্মদ লিয়াকত তার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করছিলেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তা দিতে না পারায় লিয়াকত ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, তিনি আমাকে বারবার জানিয়েছেন, যদি আমি জমি ভোগদখল করতে চাই, তাহলে আমাদেরকে চাঁদা দিতে হবে। না হলে তারা আমাকে হত্যা করতে পারে।
তিনি আরও জানান, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে মোহাম্মদ লিয়াকতের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী তার সীমানা প্রাচীর ভেঙে দেয়। বাধা দিলে তাঁকে পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মোহাম্মদ আলী অভিযোগ করেন, প্রতিদিন গভীর রাতে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়ে প্রাচীর ভাঙছে, ফলে তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছে।
মোহাম্মদ আলীর দাবি, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি দখল করছেন। সরকারি সকল খাজনা, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স এবং বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করছেন। তাঁর কাছে বৈধ কাগজপত্র থাকলেও সন্ত্রাসীরা জমি জবরদখলের চেষ্টা করছে।
পল্লবী থানায় অভিযোগ দাখিল করার পর পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ না করে জিডি রূপান্তর করেছে। মোহাম্মদ আলী অভিযোগ করেন, দেশের একাধিক স্বনামধন্য টিভি চ্যানেলে সংবাদ সম্প্রচারিত হওয়ার পরও তিনি কোনো কার্যকর প্রতিকার পাননি।
তিনি সরকারের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে তার বৈধ সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানান। একইসঙ্গে বিএনপির হাইকমান্ডকেও সতর্ক করেছেন যেন দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি ও প্রাণনাশের হুমকি দিয়ে অন্যায় কার্যক্রম চালানো না হয়।
মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, আমার জমি নিয়ে যারা এই ধরণের অপরাধ করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে। আমি আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।