দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২ অক্টোবর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় জানান।
বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জিদের রাজনৈতিক উত্থান, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় করেন। দেশে ফেরার পর মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অর্জন ও সম্ভাবনা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করার কথা ছিল।
কিন্তু সংবাদ সম্মেলনের সময় এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠায় বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। এনসিপি ইতোমধ্যেই দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ করছে এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকরা এনসিপির গুরুত্বপূর্ণ সহযোগী। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। এনসিপি ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও সতর্ক ও উদ্যোগী হবে। এছাড়া, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সব সাংবাদিককে পাশে থাকার জন্য এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।