ভিক্ষুক চরিত্রে ফার্মগেটে নাসির উদ্দিনের ৫০০ টাকার গল্প

অভিনেতা নাসির উদ্দিন খান ওটিটিতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার প্রথমবারের মতো তাকে দেখা গেল ভিন্ন রূপে—ভিক্ষুক সেজে। মজার বিষয় হলো, চরিত্রে ডুবে ভিক্ষা চাইতে গিয়ে তিনি সত্যিই হাতে পেয়েছেন ৫০০ টাকা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির জানান, বাজেট সীমিত থাকায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় ওয়েব সিরিজ ‘নয়া নোট’ এর শুটিং করা হয়। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরির নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে কেউ কেউ টাকা দিতে শুরু করেন।
নাসির বলেন, ‘চরিত্রটি নিয়ে কিছু প্রস্তুতি ছিল। প্রথম দিনের শুটিংয়ে আমার গেটআপ চরিত্রের কাছাকাছি ছিল। পরিচালক টিমসহ দূরে ছিলেন। আমাকে বলা হলো, চরিত্রটি মতো করে অভিনয় করতে এবং মানুষের কাছে ভিক্ষা চাইতে।’
মজার ব্যাপার হলো, প্রথম দৃশ্যে ভিক্ষা করতে গিয়ে নাসির লক্ষ্য করেন, অনেকেই হাত পাততে না চাইলেও কিছু মানুষ তাকে টাকা দিচ্ছেন। পরে প্রোডাকশন টিম টাকাগুলো গণনা করলে দেখা যায়, ৫০০ টাকা জমেছে। নাসির হেসে বলেন, ‘বাহ্ ভালো লাভ! কম পরিশ্রমে, কম সময়ে ভিক্ষা করে ভালো টাকা পাওয়া যায়, ভাবছিলাম।’
তবে শুটিংয়ে মানুষের কাছে হাত পেতে বিরূপ অভিজ্ঞতাও হয়েছে। নাসির বলেন, ‘এটা সহজ পদ্ধতি নয়। চাইলে মানুষ মূল্যবোধ বিকৃত করতে পারে। এখানে অসম্মানেরও বিষয় রয়েছে, কারণ অন্যের কাছে হাত পাততে হয়।’
‘নয়া নোট’ ওয়েব সিরিজের শুটিংয়ে এমন ঘটনা ঘটেছে। এটি পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। তিনি জানান, শুটিংয়ে ভিক্ষার চরিত্রে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে রাখা হয়েছে।
এই ওয়েব সিরিজে এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।
দৈএনকে/জে .আ