শাহরুখের নতুন অবতার ‘কিং’-এ, ইন্টারনেটে ঝড়

বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা বলিউডের বাদশা শাহরুখ খান। তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার কোনো শেষ নেই। ছবিতে তাকে কী রূপে দেখা যাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল সবার। এরই মাঝে ফাঁস হয়ে গেল ‘কিং’-এ শাহরুখের চমকপ্রদ লুক!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মাথা ভর্তি ধূসর চুল। ‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট।
অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এমন বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি। তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা।
‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগেই গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই কাঁধে হয়েছে অস্ত্রোপচার।
হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।
রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পিছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে, রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাংকি’-তে। এখানে তার বিপরীতে ছিলেন তাপসী পান্নু।
প্রসঙ্গত, ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানা খানকেও। এছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন, রানী মুখার্জিকেও।
দৈএনকে/ জে,আ