আবেগে ভিজলেন ‘দ্য রক’, অস্কারের পথে পদচারণা

৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে ইতালির ভেনিসে। আর সেখানেই দেখা গেল আবেগঘন এক মুহূর্ত। মঞ্চে উঠে আনন্দাশ্রুতে ভিজলেন ‘দ্য রক’খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উৎসবে প্রদর্শিত হয় তার অভিনীত নতুন চলচ্চিত্র দ্য স্ম্যাশিং মেশিন। প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা ১৫ মিনিট করতালিতে ভরিয়ে দেন অভিনেতা ও তার পুরো টিমকে।
এসময় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা। উৎসবে এ পর্যন্ত এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের করতালির রেকর্ড।
চলচ্চিত্রে ডোয়াইন জনসনকে দেখা যাবে বাস্তব জীবনের কিংবদন্তি কুস্তিগির মার্ক কেরের চরিত্রে। নব্বইয়ের দশকে দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নের জীবনের উত্থান-পতন, লড়াই ও মানসিক দ্বন্দ্বকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বেনি সাফদি। সিনেমাটিতে মার্ক কেরের প্রেমিকা ডন স্ট্যাপলস চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। চলচ্চিত্রের প্রদর্শনী শেষে পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন ও এমিলিকে জড়িয়ে ধরেন। তিনজনই তখন চোখের জল ধরে রাখতে পারেননি। এমনকি দর্শকদের মধ্যে উপস্থিত আসল মার্ক কেরও আবেগে কেঁদে ফেলেন।
এই মুহূর্তটি ভেনিস চলচ্চিত্র উৎসবের স্মরণীয় এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে। ঠিক যেমনটি হয়েছিল চার বছর আগে ব্রেন্ডান ফ্রেজারের ‘দ্য হোয়েল’ প্রদর্শনীতে। সেই সিনেমাটি অভিনেতাকে অস্কার এনে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দিয়ে ডোয়াইন জনসনও অস্কার জিততে চলেছেন।
দৈএনকে/ জে. আ