‘পবিত্র রিশতা’র অভিনেত্রী প্রিয়া ৩৮ বছরে চিরবিদায় নিলেন

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠের জীবনাবসান ঘটেছে। ৩৮ বছর বয়সী তিনি দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার পর রোববার (৩১ আগস্ট) ভোররাতে মুম্বাইয়ের মীরা রোডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছে পরিবার।
ইন্ডিয়া টিভি থেকে জানা যায়, প্রিয়ার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে জি মারাঠিতে প্রচারিত সিরিয়ালের মাধ্যমে। মারাঠি ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করলেও খুব দ্রুতই তিনি হিন্দি টেলিভিশনেও শক্ত অবস্থান তৈরি করেন। জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা;র বর্ষার চরিত্রে অভিনয় করে তিনি সবার কাছে পরিচিত হন।
এছাড়াও ‘কসম সে’তে বিদ্যা বালি, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’–এ জ্যোতি মালহোত্রা, ‘সাথ নিভানা সাথিয়া’তে ভবানী রাঠোর চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি কৌতুকাভিনেত্রী হিসেবেও কমেডি সার্কাস–এ অংশগ্রহণ করে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি।
অন্যদিকে, প্রিয়ার সঙ্গে অভিনেতা শান্তনু মোগের বিয়ে হয়। শান্তনু মোগে ঐতিহাসিক ধারাবাহিক ‘স্বরাজ্যরক্ষক সাম্ভাজি’–তে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। প্রিয়ার মৃত্যুরম সংবাদে মারাঠি ও হিন্দি টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শোকবার্তা জানাচ্ছেন।
দৈএনকে/ জে. আ