অন্তঃসত্ত্বা কি না, কাজলের ছবি ঘিরে জল্পনার ঝড়

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন ‘দ্য ট্রায়াল ২’-এর প্রচারে। সেখানে উপস্থিত পাপারাজ্জিরা তাঁর শরীরের দিকে জুম করে ভিডিও ধারণ করেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। এমনকি অনেকে প্রশ্ন তোলেন, তিনি কি অন্তঃসত্ত্বা? এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়েই মুখ খুলেছেন টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী মিনি মাথুর।
মিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লেখেন— “আপনারা কীভাবে সাহস পান ওঁর শরীর নিয়ে এমন আচরণ করতে? চিরযৌবন ধরে রাখা কাজলের দায়িত্ব নয়। ওকে কেমন দেখাবে, তা আপনাদের ঠিক করার অধিকার নেই।”
মিনির এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। বহু মানুষ তাঁকে সমর্থন জানিয়ে লেখেন, 'নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি।' শুধু একজন তারকা বলেই তাঁর শরীর বা ব্যক্তিগত জীবনের উপর কেউ অধিকার ফলাতে পারে না—এই বার্তাই দিলেন মিনি মাথুর।
দৈএনকে/ জে. আ