সামাজিক মাধ্যমে ঝড় তুলল টেইলর সুইফটের বাগদানের খবর

গুঞ্জন অবশেষে সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন বিশ্বখ্যাত পপস্টার টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে যুগলটি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে সুখবর সকলের সঙ্গে জানিয়েছেন।
ছবিগুলোতে দেখা যায়, কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন সুইফটকে। ক্যাপশনে দুজন রসিকতা করে লিখেছেন, “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।” কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি লাইক পেয়ে রীতিমতো আলোড়ন তোলে। কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।
তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেইলর সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়তে দেখা যায়—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।
সুইফট–কেলস জুটি হিসেবে ২০২৩ সালে প্রথমবার আলোচনায় আসে। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। সেপ্টেম্বর মাসে টেইলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে, যেখানে তিনি কেলসের মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক।
এরপর থেকে সুইফট–কেলসে জুটি একাধিকবার শিরোনাম হয়েছেন। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠেই তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি সুইফট নিজের জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দিয়েছিলেন।
দৈএনকে/ জে. আ