দীর্ঘ গুঞ্জনের অবসান, পরিণীতি মা হওয়ার খবর নিশ্চিত

কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। যদিও আগে এই খবর প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী নিজেই, সম্প্রতি কপিল শর্মার শোয়ে উপস্থিত হয়ে তার স্বামী রাঘব চাড্ডা জানিয়েছিলেন, সুখবর খুব শিগগিরই সবাইকে জানানো হবে। স্বামীর এই কথা শুনে পরিণীতির চোখে আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠেছিল।
এবার সেই গুঞ্জনই সত্যি হয়ে দাঁড়াল। আজ পরিণীতি নিজেই আনন্দঘন খবরটি শেয়ার করেছেন—তার কোলে আসছে সন্তান। সোমবার ইনস্টাগ্রামে তিনি একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন, যার উপর লেখা ছিল, “এক যোগ এক সমান সমান তিন।” এই পোস্টের মাধ্যমে তিনি সকল ভক্ত ও অনুসারীদের সঙ্গে এই বিশেষ মুহূর্তের খুশি ভাগ করেছেন।
পরিণীতির এই সুখবর এখন বলিউডে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে। ভক্তরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন ছোট্ট অতিথিকে স্বাগত জানানোর জন্য।
পাশপাশি অভিনেত্রী লেখেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান।
এর ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি, তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’ সেই ঘটনার পর বছর ঘুরেছে। এবার সত্যিই মা হতে চলেছেন পরিণীতি। যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।