কমলগঞ্জে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলেমান হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোছাঃ আমিনা বেগম বলেন, “কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ সর্বদা জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। ভবিষ্যতেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি সামছুন্নাহার পারভীন বলেন, “আজকের এই চারা বিতরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি। গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখে। ফলজ গাছ আমাদের পুষ্টি দেয়, আর ঔষধি গাছ প্রাকৃতিক চিকিৎসায় অমূল্য ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়নের ৪টি মাদ্রাসায় ১ টি উচ্চ বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ৫০টি করে চারা দেওয়া হয়—যা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিদের মাঝে বণ্টন করা হয়।
বিতরণকৃত চারার মধ্যে ছিল কাঁঠাল, আম, জাম, পেয়ারা, জলপাই, নিম, আমলকি, বহেরা, আমড়া প্রভৃতি ফলজ ও ঔষধি প্রজাতি।
স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ রোপণ কার্যকর ভূমিকা রাখবে। একটি আম, লিচু বা কাঁঠালের গাছ যেমন ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা দেবে, তেমনি তুলসীসহ অন্যান্য ঔষধি গাছ মানুষের প্রাথমিক চিকিৎসায় সহায়ক হবে।