কবরের দৃশ্যে তৌসিফের সঙ্গে জীবন্ত সাপ, ‘খোয়াবনামা’-য় বাস্তব ভয়ের ছোঁয়া

অস্বস্তিকর, রহস্যময়, ভয়ের আবহ—এই তিন উপাদানকে ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে ক্যাপিটাল ড্রামার আসন্ন নাটক ‘খোয়াবনামা’। সম্প্রতি প্রকাশিত নাটকটির প্রথম পোস্টারেই তৈরি হয়েছে তুমুল সাড়া। পোস্টারে দেখা যায়, কবরের ভেতর শুয়ে থাকা একটি লাশ এবং চারপাশে ছড়িয়ে থাকা ভয়াল সাপ। এই চিত্রকল্প অনেক দর্শকের মনে ফিরিয়ে এনেছে শৈশবের সেই আতঙ্ক—যেন ‘কবরের আজাব’ জীবন্ত হয়ে ফিরে এসেছে নাটকের পর্দায়।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানারকম আলোচনা ও কৌতূহল। কেউ বলছেন, “এমন পোস্টার আগে কোনো নাটকে দেখা যায়নি”, আবার কেউ মন্তব্য করেছেন, “ভয়ের মধ্যেও এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা নাটকটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।”
দর্শকদের এই উত্তেজনার পেছনে যে আরেকটি বড় কারণ কাজ করছে, তা হলো নাটকের নির্মাতা ভিকি জাহেদ। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার এবং মিস্ট্রি ঘরানার গল্পে তার আলাদা মুন্সিয়ানা আছে। ‘কিন্তু’, ‘মায়া’, ‘কানামাছি’-এর মতো নাটকগুলোতে তিনি আগেই দর্শকদের চমকে দিয়েছেন। তাই ‘খোয়াবনামা’ নিয়েও দর্শকের প্রত্যাশা অনেক উঁচুতে।
ভিকি জাহেদ বরাবরের মতো এবারও কেবল একটি নাটক নয়, বরং দর্শকের মনে ভয়ের পাশাপাশি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও কৌতূহল সৃষ্টি করতে চান। নামের মধ্যেই রয়েছে গভীর প্রতীকী অর্থ—‘খোয়াবনামা’, অর্থাৎ স্বপ্ন, দুঃস্বপ্ন কিংবা অদৃশ্য কোনো জগতের গল্প।
কাহিনীর বিস্তারিত এখনো গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে, নাটকটিতে থাকবে রহস্য, আতঙ্ক, শিহরণ আর মানুষের অবচেতন মনের অন্ধকার দিকের খেলা। আর এ কারণেই পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত এক টান, যা দর্শককে অপেক্ষার প্রহর গুনতে বাধ্য করছে।
তবে প্রথম পোস্টারের ভয় ধরানো আবহ কাটিয়ে দ্বিতীয় পোস্টারে উঠে এসেছে অন্যরকম এক ছবি, সেখানে রোমান্টিক মেজাজে ধরা দিয়েছেন নাটকের দুই কেন্দ্রীয় শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটক প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা মানে স্বপ্নের আখ্যান, স্বপ্নের ব্যাখ্যা। গল্পের প্রয়োজনেই নামটা রেখেছি। এটা আসলে রোমান্স-ট্র্যাজেডি ঘরানার কাজ। আমার বিশ্বাস, শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন। ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই প্রজেক্টটা আমার কাছে অনেক স্পেশাল।’
তানজিন তিশা বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রূপা। প্রথমবার স্ক্রিপ্ট পড়েই চরিত্রটা ভালো লেগেছিল। কারণ রূপার গ্রাফটা ভীষণ আনপ্রেডিক্টেবল। পারফরম্যান্স দিতে গিয়ে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। দর্শকরা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সঙ্গে মায়াবী এক গল্প পাবেন। আমার বিশ্বাস, ‘খোয়াবনামা’ সবার ভালো লাগবে।’
অন্যদিকে তৌসিফ মাহবুব শেয়ার করেছেন তাঁর ভয়ংকর অভিজ্ঞতার কথা। নাটকের শুটিং করতে গিয়ে রাত ৩টায় তাঁকে কবরে শুতে হয়েছে, এমনকি আসল সাপও ছেড়ে দেওয়া হয়েছিল তাঁর শরীরে। সেই মুহূর্তের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। খোয়াবনামা করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে আমাকে।’ ক্যাপিটাল ড্রামার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ আগস্ট তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।