দ্বিতীয় দিনেও চোখধাঁধানো আয়োজন ‘রেড মুন অ্যারেনা’

রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রবেশ ফ্রি থাকায় ‘রেড মুন অ্যারেনা’ উৎসবের দ্বিতীয় দিনও ভিড় উপচে পড়েছে। দর্শকরা উপভোগ করছেন ফ্রি ফায়ার-নারুটো শিপুদেন থিমের নতুন এই আয়োজন।
দেশে এমন আয়োজন এবারই প্রথম। পুরো অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে প্রবেশ করা যাচ্ছে এ উৎসবে।
দুই দিনব্যাপী উৎসবটির পর্দা ওঠে শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে, যা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রথম দিনের মতো আজ শনিবার (২৩ আগস্ট) সকালেও দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আয়োজনে দর্শক ও ভক্তরা একসাথে পাচ্ছেন জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার এবং অ্যানিমে নারুটোর রোমাঞ্চকর অভিজ্ঞতা। আয়োজনে রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা।
কাস্টম ব্যাটল রয়্যাল ম্যাচে বিজয়ীরা জিতে নিতে পারবেন ডায়মন্ড। পাশাপাশি বিশেষ ‘লোন উলফ’ ম্যাচে অংশ নিয়ে ঘরে ফেরার সুযোগ থাকবে এক্সক্লুসিভ নারুটো–ফ্রি ফায়ার সামগ্রী নিয়ে।
এ ছাড়া ক্ল্যাশ স্কোয়াড প্রতিযোগিতায় দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) বিপক্ষে খেলে জেতা যাবে ডায়মন্ড ও বিশেষ পুরস্কার।
সবচেয়ে বড় আকর্ষণ থাকছে ইনফ্লুয়েন্সারদের প্রদর্শনী ম্যাচ। এ উৎসবে দুই বনাম দুই ‘লোন উলফ ব্যাটল’-এ মুখোমুখি হবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রি ফায়ার কনটেন্ট নির্মাতারা। এ তালিকায় রয়েছেন গেমিং উইথ তালহা, ক্রুল গেমিং, মুশফিক গেমিং, দিবস গেমিং, ইউএফবি শাকিব, রোস্টেড গেমিং, ফাইট টু কিল ও রক্সম্যান গেমিং।
শুধু খেলা নয়, দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ফটোবুথ। আকাতসুকির সঙ্গে ছবি তোলার সুযোগ কিংবা উচিহা হাইডআউট থ্রোনে বসে স্মৃতি ধরে রাখার ব্যবস্থা রয়েছে সবার জন্য।
ঢাকার এই রেড মুন অ্যারেনা ইভেন্টে অংশ নিয়ে গেমার ও অ্যানিমে ভক্তরা উপভোগ করতে পারবেন যুদ্ধের উত্তেজনা, পুরস্কারের রোমাঞ্চ আর নারুটোর জগতের এক অনন্য আবহ।
যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মহোৎসবের পর্দা নামবে আজ সন্ধ্যা ৭টায়।
দৈএনকে/ জে. আ