ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, শীর্ষে মিরপুর

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৫০ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৮৯, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১৫০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে দুজনকে।
অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
ডিএমপি জানায়, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।