ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি বা নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থীর সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। ভোটে কোনো ধরনের টালবাহানা বা অনিয়ম হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে। প্রয়োজনে ঠাকুরগাঁও-১ আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
কোনো প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনে অনিয়ম করলে তাঁকে ‘দড়ি দিয়ে বেঁধে’ রাখার হুঁশিয়ারিও দেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং দলীয় লোকজনকে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে শূন্য করে ফেলা হবে। এ অঞ্চলকে রক্ষা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বিএনপির দিন ফুরিয়ে আসছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।
চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ১৯৭১ সাল নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছে। সে সময় বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারের সদস্যও অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া বিএনপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে দলটির নেতাকর্মীদের আচরণের সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম এবং ঠাকুরগাঁও-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।
এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে।