রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগে ৫৩, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৫৫, তেজগাঁওয়ে ৮৯, মিরপুরে ৮২, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।