সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জ্বালানি তেল থেকে রুট বাণিজ্য, ঢাকা ট্রাক ডিপোর ম্যানেজার মোশারফের আলিশান সাম্রাজ্য

    জ্বালানি তেল থেকে রুট বাণিজ্য, ঢাকা ট্রাক ডিপোর ম্যানেজার মোশারফের আলিশান সাম্রাজ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীন ঢাকা ট্রাক ডিপো বর্তমানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের আখড়ায় পরিণত হয়েছে। ২৫৮টি ট্রাক ও ৩৬৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে গঠিত সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি পণ্য পরিবহন, জরুরি ত্রাণ সরবরাহ, খাদ্য ও সার পৌঁছানো এবং ধর্মঘটের মতো সংকটে রাষ্ট্রীয় সেবা চালু রাখার দায়িত্ব পালন করে। তবে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ও কর্মচারীদের অনিয়মপূর্ণ ব্যবস্থাপনার কারণে রাষ্ট্রীয় এই জরুরি সেবার সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

    ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঢাকা ট্রাক ডিপোর অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মোশারফ হোসেন ছিদ্দিকী। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ ব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ডিপোর কেনাকাটা, যন্ত্রাংশ সংগ্রহ, মেরামত ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিজের অনুগতদের নিয়ে একটি শক্তিশালী জালিয়াতির সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগকারীদের দাবি, এই চক্র বিআরটিসিকে সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তিগত অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করেছে।

    সবচেয়ে বড় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে গাড়ির খুচরা যন্ত্রাংশ কেনাকাটা, জ্বালানি তেল ব্যবহার এবং মেরামত খাতে। অভিযোগ রয়েছে, নথিপত্রে ট্রাকের সামান্য ত্রুটি বা দূরবর্তী দুর্ঘটনার কথা উল্লেখ করে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে নিম্নমানের বা পুরোনো যন্ত্রাংশ কেনার ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়। একইভাবে চালকদের প্রকৃত জ্বালানি ব্যবহারের তুলনায় অতিরিক্ত ৫০ থেকে ৬০ শতাংশ ডিজেলের ভুয়া বিল অনুমোদন করে ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা কমিশন ভাগাভাগি করে নেন বলে অভিযোগ রয়েছে।

    নথিপত্রের হিসাবে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছরে যানবাহন মেরামত ও যন্ত্রাংশ কেনায় মোট ৯ কোটি ৪৯ লাখ ১ হাজার ৮১১ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, এর প্রায় ৭০ শতাংশ অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট সিন্ডিকেট।

    আর্থিক অনিয়মের পাশাপাশি ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন ও রুট বরাদ্দেও ‘কমিশন বাণিজ্য’ চালানোর অভিযোগ উঠেছে মোশারফ হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উৎকোচের বিনিময়ে অনুগত চালক ও কর্মচারীদের লাভজনক রুটে পাঠানো হয়। অন্যদিকে, সৎ কর্মচারীদের দুর্গম বা অলাভজনক রুটে পদায়ন করে কোণঠাসা করে রাখা হয়েছে। প্রশাসনিক জবাবদিহি এড়াতে এবং দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে উচ্চপর্যায়ে প্রভাব খাটিয়ে সংবেদনশীল পদগুলোতে নিজস্ব লোক বসিয়ে রাখার অভিযোগও রয়েছে।

    ডিপোর অভ্যন্তরীণ সূত্রের দাবি, মোশারফ হোসেনের নামে-বেনামে আয়বহির্ভূত বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে গুলশান, বনানী, সেগুনবাগিচা ও মিরপুরে একাধিক ফ্ল্যাট ও প্লট এবং নিজ এলাকায় বিপুল সম্পদের মালিকানার অভিযোগ রয়েছে। বিএনপিপন্থী একাধিক সৎ ও যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও একজন অভিযুক্ত কর্মকর্তা কীভাবে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, তা নিয়ে ডিপোর কর্মচারী ও চালকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

    সংক্ষুব্ধ ব্যক্তিদের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের উচ্চপর্যায়ের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হলে কথিত অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের বিষয়ে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। বিআরটিসির সুনাম রক্ষায় অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন