বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের কাছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্যাকেজ এগিয়ে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত এই প্যাকেজে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার বোমা রয়েছে। গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানির আশঙ্কায় দুই বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একই ধরনের একটি চালান আটকে দিয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

    প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাবিত প্যাকেজে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে। অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি।

    প্যাকেজটির বড় একটি অংশের অর্থ আসবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচি থেকে। এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয় এবং সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনে দেশটি।

    ২০২৪ সালে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে এমকে-৮৪ বোমার একটি চালান আটকে দিয়েছিল। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় এসব বোমা ব্যবহারের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানির আশঙ্কায় সে সময় উদ্বেগ প্রকাশ করা হয়।

    তবে ২০২৫ সালে ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর ওই চালানের ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। একই সময়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের স্বাভাবিক পর্যালোচনা প্রক্রিয়া পাশ কাটিয়ে প্রায় ৩ বিলিয়ন ডলারের আরেকটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। ওই প্যাকেজেও ৩৫ হাজার ৫০০টির বেশি ২ হাজার পাউন্ডের বোমা ছিল। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের জন্য আরও ৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়।

    ২ হাজার পাউন্ড ওজনের বোমার বিভিন্ন ধরন রয়েছে। কিছু বোমা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য তৈরি, আবার কিছু ভূপৃষ্ঠে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

    গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় এ ধরনের মার্কিন তৈরি বোমা ব্যবহারের বিষয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বিভিন্ন হামলার ভিডিও ও ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরকের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা গাজায় মার্কিন তৈরি বোমা ব্যবহারের কথা জানিয়েছেন। এসব হামলায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হলেও ঘনবসতিপূর্ণ এলাকায় বেসামরিক মানুষও হতাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। ইসরায়েলি হিসাবের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হন।

    এরপর গাজায় ইসরায়েলি অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে এ সংখ্যা স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই করা কঠিন। ইসরায়েলের দাবি, হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার অংশ হিসেবেই তারা অভিযান চালাচ্ছে।

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে নতুন অস্ত্রচুক্তির পরিকল্পনা সামনে এলো, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান চাপ ও সমালোচনার মুখে রয়েছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন