শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
এর আগে, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।