রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ১৩১, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৫ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পাঁচটি রামদা, দুটি তরবারি, একটি ছোরা, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
এ সময় চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।