বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা বা সংরক্ষণ নিষিদ্ধ করা হচ্ছে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করা নতুন বিধিমালা আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। এতে বেইজিংয়ে মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা বা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শহরের আকাশসীমায় ড্রোন ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
বেইজিং থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নতুন বিধিমালার আওতায় ড্রোন কিংবা এর যন্ত্রাংশ বেইজিংয়ে নিয়ে আসাও নিষিদ্ধ করা হবে।
প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের শহর বেইজিংয়ে আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় গত জুনে। ওই সময় একটি ছোট বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হলে পাইলট নিহত এবং ১৩ জন আহত হন।
বেইজিং পৌর সরকারের প্রণীত নতুন বিধিমালায় ‘রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে মে মাসে জারি করা বিধিমালার মাধ্যমে বেইজিংয়ে ড্রোন বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে ড্রোনের মালিকদের সেগুলো নিবন্ধন করার শর্তে নিজেদের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
নতুন নিয়ম কার্যকর হলে সব ড্রোন মালিককে ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ড্রোন নষ্ট করতে হবে অথবা বেইজিংয়ের বাইরে নিয়ে যেতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে ড্রোন জব্দের পাশাপাশি জরিমানার মুখে পড়তে হতে পারে।
ড্রোন মালিকদের এ প্রক্রিয়ায় উৎসাহিত করতে কর্তৃপক্ষ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাই-ব্যাক কর্মসূচির মাধ্যমে ড্রোন বিক্রির সুযোগও থাকবে।
এ ছাড়া ড্রোন বিনামূল্যে ডাকযোগে বেইজিংয়ের বাইরে পাঠানোর ব্যবস্থাও করা হবে।
বেইজিংয়ের আকাশসীমায় ড্রোন ওড়াতে এরই মধ্যে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বিধিমালায় বিশেষ কিছু ক্ষেত্রে ড্রোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কৃষিকাজ, দুর্যোগ মোকাবিলা ও বৈজ্ঞানিক গবেষণার মতো প্রয়োজনীয় কাজে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।
সূত্র: এএফপি