ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে মৃত্যুর দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। তবে পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে লিফট নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে ছয়জনের মৃত্যুর খবর ছড়ালেও পরে প্রশাসন তা নাকচ করে। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার জানান, কয়েকজন আহত হয়েছেন, তবে পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে কুলসুম আক্তার (৩৫) ও শাহাজাহান মনির (৪৫) নামে দুজনের মৃত্যুর দাবি করেছেন তাদের স্বজনরা। তাদের বক্তব্য অনুযায়ী, সিঁড়িতে হুড়োহুড়ির মধ্যে পড়ে তারা গুরুতর আহত হন।
ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত তথ্য খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।