শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। তিনি বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের জন্য স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণ, তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।