মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসিকে দেওয়া বেক্সিমকো ফার্মার চিঠিতে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে সরে যাওয়ার বিষয়ে সালমান এফ রহমান সম্মতি দিয়েছেন। তাকে বাদ দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

চিঠি অনুযায়ী, নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখা হবে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বেক্সিমকো ফার্মা জানিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়—এ বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও কোম্পানির স্বার্থে সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

বিএসইসি সূত্র জানায়, পর্ষদ পুনর্গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল কমিশন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি দেননি। ফলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তাদের ধারণা, সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে গেলে কোম্পানিটির ব্যবসা ও ভাবমূর্তির ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন