দীর্ঘদিন পর ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।
এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এদিকে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে মির্জা আব্বাস দলীয় ও সরকারি দায়িত্বে আবারও সক্রিয় হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।