সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা টিমের সদস্যরা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।
রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান এই অভিনেত্রী।
তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের শুটিং শেষ করে প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি ও তার সঙ্গে থাকা টিমের সদস্যরা। ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড় অতিক্রমের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর তাদের গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে তিশা ও তার সহযাত্রীরা অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান। গাড়ির চালক পরে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং কিছু দূর যাওয়ার পর সেটিকে আটক করতে সক্ষম হন। কিন্তু পিকআপের চালক গাড়িটি সড়কে রেখে চাবি নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারক শুরু করে।
ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তাসনুভা তিশা জানান, গাড়িতে তিনি ছাড়াও তার ফটোগ্রাফার ও সহকারী ছিলেন। সংঘর্ষটি বেশ জোরালো হলেও আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন।
অভিনেত্রী বলেন, দুর্ঘটনাটি মারাত্মক হতে পারত। তবে বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই সবাই বেঁচে গেছেন। এ ঘটনায় তিনি স্বস্তি প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।