রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
টোল প্লাজায় ইটিসি চালু
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে দ্রুত টোল আদায়ের পাশাপাশি যানবাহনের জট কমানোর উদ্যোগ নেওয়া হবে।
এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপটি তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিন ধরে চলা যানজট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের তৈরি করা প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন যাচাই করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় এর আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী চার মাসের মধ্যে এ কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাবতলী টার্মিনাল সম্প্রসারণ
যানবাহন ধারণক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিচেন মার্কেট সরবে গাবতলীতে
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের পাশে পার্কিং সুবিধা
সচিবালয় এলাকার যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা তৈরির সম্ভাবনা যাচাই করতে বলা হয়েছে।
প্রয়োজনে এর বাইরে বিকল্প পার্কিংয়ের জায়গাও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমিয়ে আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।
অটোরিকশা ও স্লিপার বাসে নিয়ন্ত্রণ
ঢাকা শহরে অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।