রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

চীনা শিক্ষকদের ভিসা সহজ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

চীনা শিক্ষকদের ভিসা সহজ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়াতে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনা শিক্ষকদের বাংলাদেশে আসার ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। সফরে শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা বাড়াতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষা খাতে আমরা চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাই। চীনের শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সম্পর্ক বেশ শক্তিশালী। তাদের শিক্ষা ও শিল্পের মধ্যে যে সমন্বিত মডেল রয়েছে, সেটি আমরা বাংলাদেশেও অনুসরণ করতে চাই।’

শিক্ষামন্ত্রী জানান, প্রতিনিধি দলের চীন সফরের পর বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে চীন থেকে দক্ষ শিক্ষক আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব শিক্ষক বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।

তবে বিদেশি শিক্ষক নিয়োগ ও তাদের বাংলাদেশে আসার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর করতে মন্ত্রিপরিষদ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চীনের শিক্ষা ও শিল্প খাতের পারস্পরিক সহযোগিতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও শিক্ষার্থীদের কর্মমুখী ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে চীনের দক্ষ শিক্ষক ও শিক্ষা-প্রযুক্তির অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন