ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান সরকারের প্রতি মিয়াঁদাদের আহ্বান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের সম্পর্ক নিয়ে অতীতে নানা মতপার্থক্য ও বিতর্ক থাকলেও এবার দীর্ঘদিনের সতীর্থের কারাবাসের প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারে তাঁর সঙ্গে আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইউটিউব চ্যানেল ‘ন্যারেটিভ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের সততা ও জাতীয় অবদানের কথা তুলে ধরেন মিয়াঁদাদ।
কথা বলার একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তিনি একজন সৎ মানুষ। তিনি এমন কেউ নন, যিনি দুর্নীতিতে জড়ান। তা না হলে তিনি অনেক কিছুই করতে পারতেন। তাঁকে ছেড়ে দিলে কী হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন, নাকি কারও ক্ষতি করবেন? তিনিও তো কারও সন্তান। আমি সব সময় ভাবি, তিনি এখন কী করছেন।’
ইমরানকে কাছ থেকে চেনার অভিজ্ঞতা তুলে ধরে মিয়াঁদাদ বলেন, পাকিস্তান দল ও কাউন্টি ক্রিকেটে তাঁরা দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। ইংল্যান্ডে ছয় মাস একসঙ্গে থাকার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর কথাও উল্লেখ করেন তিনি।
মিয়াঁদাদ বলেন, ‘ইমরান আর আমি একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডে ছয় মাস একসঙ্গে থেকেছি। একসঙ্গে খেয়েছি, সময় কাটিয়েছি। পরে পাকিস্তান দলেও একসঙ্গে খেলেছি। আমার কাছ থেকে তাকে অধিনায়কত্বও দিয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল।’
ইমরানের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি মিয়াঁদাদ। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সবাইকে বসতে হবে এবং বিষয়টির সমাধান করতে হবে। সমস্যা যা-ই থাকুক, পাকিস্তানের জন্য সেটিই এখন দরকার। বিষয়টি অযথা দীর্ঘায়িত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমার প্রার্থনা, ন্যায়সংগত বিষয়টির জয় হোক। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’
ইমরান খানকে পাকিস্তানের জাতীয় বীর আখ্যা দিয়ে মিয়াঁদাদ বলেন, ‘যা ভুল, তা ভুলই। সে অবশ্যই একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। পাকিস্তান সরকারের কাছে আমার আবেদন। আমি ইমরানকে সবদিক থেকেই চিনি। সে একজন সৎ মানুষ।’