ইরানসংশ্লিষ্ট সাইবার হামলায় চার দিন বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

সাইবার হামলার ঝুঁকি যে এখন আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, যুক্তরাজ্যে ছোট একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলার ঘটনা তারই নতুন উদাহরণ। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর দেশটির একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে ব্রিটিশ সরকার বলছে, ওই হামলার কারণে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি। ঘটনার পর দেশটির বিদ্যুৎ কোম্পানিগুলোকে সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ওই সাইবার হামলা চালানো হয় বলে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে টেলিগ্রাফের প্রতিবেদনের লিংক থাকলেও বর্তমানে সেখানে সংশ্লিষ্ট কোনো কনটেন্ট পাওয়া যাচ্ছে না। হামলাকারীরা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান বা পরিচয় প্রকাশ করেনি যুক্তরাজ্য সরকার। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা মোকাবিলার দায়িত্বে থাকা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও (এনসিএসসি) এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
তবে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো বড় বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবার ওপর হামলা ছিল না। ছোট আকারের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চার দিন বন্ধ ছিল বিদ্যুৎকেন্দ্র
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলার প্রভাবে বিদ্যুৎকেন্দ্রটি চার দিন বন্ধ রাখতে হয়েছিল। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) জানিয়েছে, ঘটনার কারণে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থার ওপর কোনো সময়েই বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি।
যুক্তরাজ্যের বিদ্যুৎ নেটওয়ার্কে বেশ কয়েকটি ছোট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে। বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে এসব কেন্দ্র অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখে। ফলে এসব স্থাপনার সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে গুরুত্ব দিচ্ছে সরকার।
বিদ্যুৎ কোম্পানিগুলোকে সতর্কতা
ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ডিইএসএনজেড। ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সরকার ইতোমধ্যে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে জ্বালানি খাতের স্থিতিস্থাপকতা বাড়াতে একটি নতুন কৌশল প্রণয়নের কাজও চলছে।
ইরানকে ঘিরে বাড়ছে সাইবার নিরাপত্তা উদ্বেগ
ইরানকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরান সরকার কিংবা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালাতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।
যদিও এখন পর্যন্ত প্রত্যাশার তুলনায় এ ধরনের হামলার তৎপরতা কম দেখা গেছে, যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাইবার প্রতিরক্ষা আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।