আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছুঁইছুঁই

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছর একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।
এ হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকারদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে।