সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছুঁইছুঁই পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০৫, মৃত্যু ৩ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনালের দাবি ‘ঘটেনি’ দুই ইনিংসে শতরানও ছুঁতে পারেনি বাংলাদেশ, এমন নজির বিশ্বে কত? দূতাবাসে হুমকি দিয়ে চাঁদা দাবি, ‘ভুয়া গ্রুপের’ কাজ বলছে ডিবি ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে ‘অভিন্ন স্বার্থে’ জোর জয়শঙ্করের ইরানসংশ্লিষ্ট সাইবার হামলায় চার দিন বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র শেয়ারবাজারে বড় দরপতন, বিমা খাতে সবচেয়ে বেশি চাপ
  • রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

    রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিহতদের স্বজনদের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে চারজনকে হত্যা করা হয়েছে।

    নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

    শনিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ির ছাদ, চিলেকোঠা ও ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তী গত ডিসেম্বর মাসে রংপুর জেলা স্কুল থেকে অবসর নেন। অবসরের পর তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিতেন।

    স্বজনেরা জানান, টানা দুই দিন ধরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তাঁরা বাড়িতে গিয়ে মূল ফটকে তালা ঝুলতে দেখেন। বাড়ির ভেতরেও ছিল অন্ধকার। সন্দেহ হওয়ায় স্বজনেরা বাড়িতে প্রবেশ করে পরিবারের চার সদস্যের মরদেহ দেখতে পান।

    ডাকাতির সন্দেহ পুলিশের

    রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী বলেন, বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। ঘরের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন রয়েছে। বিশেষ করে যেখানে সাধারণত টাকা-পয়সা বা গয়না রাখা হয়, সেসব জায়গায় তছনছ করা হয়েছে।

    তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

    স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

    তবে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রচক্রবর্তীর দাবি, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। বাড়ি নির্মাণের সময় চাঁদার টাকা নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

    গোপীনাথ বলেন, বাড়ি নির্মাণের সময় চাঁদার টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাটিকে ডাকাতির মতো দেখানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন।

    তিনি আরও জানান, গণপতির শ্যালকের কাছ থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানতে পারেন তাঁরা। পরিবারের চার সদস্যের ব্যবহৃত চারটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছিল। পাশাপাশি বাড়ির মূল ফটকে তালা ঝুলছিল।

    এলাকায় শোকের ছায়া

    ঘটনার পর মাছুয়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুইতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। নিচতলায় নির্মাণকাজ চলছিল। ওপরের তলার নির্মাণকাজ শেষ করে সেখানেই বসবাস করতেন গণপতি ও তাঁর পরিবার।

    ঘটনাস্থলে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা যায়। পাশের বাড়ির গৃহবধূ সোনালী দাস বলেন, পরিবারটি সবার সঙ্গে ভালোভাবে মিশত। কী কারণে তাঁদের এমন নৃশংসভাবে হত্যা করা হলো, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করেন তিনি।

    দুজনকে জিজ্ঞাসাবাদ

    রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

    এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে রংপুর জেলা স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

    পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন