২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকা জেলার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে ব্যক্তিগত চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অভিনন্দনপত্রের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বই, ফুল ও মিষ্টিও পাঠানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম লিখেছেন, ‘প্রিয় শিক্ষার্থী, তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।’
তিনি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় সাফল্যের জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন।
চিঠিতে জেলা প্রশাসক বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এখন সম্ভাবনার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এসএসসির ফলাফলকে চূড়ান্ত অর্জন হিসেবে না দেখে ভবিষ্যতের বড় লক্ষ্য পূরণের প্রস্তুতি নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হতে বলেন।
ফরিদা খানম চিঠিতে আরও লেখেন, শিক্ষার্থীদের স্বপ্ন যেন বড় হয় এবং তারা কখনো নিজেদের ছোট মনে না করে। ভবিষ্যতে জীবনের নানা পর্যায়ে পৌঁছে যেন তারা পেছনে ফিরে নিজেদের অর্জন ও মূল্যবোধ নিয়ে গর্ব করতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমার অদম্য পথচলা অক্ষুণ্ন থাকুক, সাফল্যের প্রতিটি শিখরে তোমার বিজয় কেতন উড়ুক—এই প্রার্থনা ও নিরন্তর শুভকামনা।’
জেলা প্রশাসকের কাছ থেকে সরাসরি অভিনন্দন বার্তা, বই, ফুল ও মিষ্টি পেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রশাসনের দায়িত্ব। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্বের নয়, এটি পুরো ঢাকা জেলারও গর্ব।
তিনি বলেন, ছোট্ট উপহার ও চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে যে তাদের মেধা ও স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক শুভকামনা রয়েছে। ভবিষ্যতে তারা যেন ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে—এটাই প্রত্যাশা।
উল্লেখ্য, ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরাসরি চিঠি লিখেছিলেন। ওই চিঠির সঙ্গে শিক্ষার্থীদের দুটি করে বইও উপহার হিসেবে পাঠানো হয়েছিল।